দেশের ১,৭৭২টি প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তিসহ পাঁচ দফা দাবিতে বুধবার (২৬ নভেম্বর) ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনের সভাপতি মো. ইলিয়াস রাজ জানান, সরকারের প্রতিশ্রুতি রক্ষা না হওয়ায় তারা এবার প্রজ্ঞাপন ছাড়া ফিরে যাবেন না।
তিনি অভিযোগ করেন, পূর্বঘোষিত ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির সময় সরকার এক সপ্তাহ সময় চাইলেও পরে শিক্ষা উপদেষ্টা এক মাস সময় চান, যা তারা গ্রহণ করেননি। তাই বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে সচিবালয়ের দিকে লং মার্চ অনুষ্ঠিত হবে।
পরিষদের পাঁচ দফা দাবি হলো—সব বিশেষ বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি, প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো, বিশেষ শিক্ষার্থীদের ৩ হাজার টাকা উপবৃত্তি, মিড-ডে মিল ও থেরাপি সেন্টার বাস্তবায়ন এবং ভোকেশনাল শিক্ষা ও চাকরির কোটা নিশ্চিত করা।











