ট্রাম্পের প্রশংসায় মোদি, ‘ভারত যা চাইবে তাই পাবে’ বললেন মার্কিন প্রেসিডেন্ট

Image

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনে সরাসরি যুক্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেকে মোদির একজন বড় ভক্ত হিসেবে উল্লেখ করে বলেন, “ভারত যা চাইবে, তাই পাবে।”

রোববার (২৪ মে) রাতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত সার্জিও গোর। অনুষ্ঠানে একটি বড় পর্দার মাধ্যমে বক্তব্য দেন ট্রাম্প।

বক্তব্যে ট্রাম্প বলেন, “আমি প্রধানমন্ত্রী মোদিকে ভালোবাসি। তিনি অসাধারণ একজন নেতা এবং আমার ঘনিষ্ঠ বন্ধু।” তিনি আরও বলেন, “ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী ও ঘনিষ্ঠ।”

ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের আশ্বাস দিয়ে ট্রাম্প বলেন, “ভারত আমাদের ওপর শতভাগ ভরসা রাখতে পারে। ভারতের যদি কোনো সহায়তার প্রয়োজন হয়, তারা জানে কোথায় যোগাযোগ করতে হবে। ভারত যা চাইবে, তাই পাবে।”

এ সময় তিনি যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও শেয়ারবাজারের অগ্রগতির কথাও তুলে ধরেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে দেশের ইতিহাসের অন্যতম সেরা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি মার্কিন দূত সার্জিও গোর ভবিষ্যতে মোদিকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানান বলে জানা গেছে।

অন্যদিকে, ভারত সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভারত ও যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে শুল্ক ও বাণিজ্য ইস্যুতে কিছু মতপার্থক্য থাকলেও দুই দেশই কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে আগ্রহী।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।