গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার (ইউপিও) আব্দুস সালামকে বদলির আদেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
গত সোমবার (১৮ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন-১ শাখার সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তার বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।
আদেশ অনুযায়ী, আব্দুস সালামকে চাঁদপুর জেলার মতলব উপজেলা শিক্ষা অফিসে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে তার বদলির খবরে গাজীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় শিক্ষকরা মিষ্টি বিতরণ করেছেন।
সূত্র জানায়, চলতি বছরের ১২ জানুয়ারি আব্দুস সালাম গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগ দেন। যোগদানের পর থেকেই তিনি নানা অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
তার বিরুদ্ধে বিনামূল্যের বই বিতরণে অনিয়ম, শিক্ষকদের কটূক্তি, স্কুল নিবন্ধনে ঘুষ গ্রহণ, শিক্ষক নেতাদের নামে মিথ্যা মামলা, বিধিবহির্ভূত শিক্ষক বদলি এবং সরকারি বরাদ্দ থেকে কমিশন গ্রহণসহ অসংখ্য অভিযোগ ওঠে।
এসব অভিযোগে ক্ষুব্ধ হয়ে ওঠে গাজীপুরের শিক্ষকসমাজ। বিভিন্ন দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলে তার অনিয়ম নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও একাধিকবার তদন্ত করে এসব অভিযোগ আমলে নেয়।











