আসন্ন শিক্ষাবর্ষে কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছে ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী। তবে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। অর্থাৎ এক লাখের বেশি শিক্ষার্থী এখনো ভর্তির আবেদনই করেনি।
ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে আবেদনকারীদের যাচাই-বাছাই শেষে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশিত হবে বুধবার।
গত ১০ জুলাই এসএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়। মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন। এর মধ্যে পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। অর্থাৎ ৬ লাখের বেশি শিক্ষার্থী ফেল করেছে।
অন্যদিকে, সারা দেশে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৬ লাখ ৬৬ হাজারের বেশি। অর্থাৎ সব শিক্ষার্থী ভর্তি হলেও বিপুল আসন ফাঁকা থাকবে।
শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, এ বছর ঢাকা বোর্ডে আবেদন করেছে ১ লাখ ৯৩ হাজার ৪৬৩ জন, মাদ্রাসা বোর্ডে ১ লাখ ১২ হাজার ৩৬৭, কুমিল্লা বোর্ডে ৭৬ হাজার ৫১১, রাজশাহী বোর্ডে ৯৫ হাজার ৬০৭, যশোর বোর্ডে ৭৩ হাজার ৩৬, চট্টগ্রাম বোর্ডে ৭৭ হাজার ৯৫৩, বরিশাল বোর্ডে ২৯ হাজার ৭৫৩, সিলেট বোর্ডে ৫১ হাজার ৮২২, দিনাজপুর বোর্ডে ৮২ হাজার ৭২৬ এবং ময়মনসিংহ বোর্ডে ৪২ হাজার ১৬৪ জন শিক্ষার্থী।
ভর্তির জন্য কোনো পরীক্ষা নেওয়া হয় না। এসএসসি ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থীদের নির্বাচিত করা হয়। প্রথম পর্যায়ে যারা নির্বাচিত হবে না বা আবেদন করেনি, তাদের জন্য দ্বিতীয় ও তৃতীয় পর্যায়েও আবেদন ও ভর্তির সুযোগ রাখা হয়েছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, অনেক শিক্ষার্থী পাস করলেও ভর্তি হচ্ছে না। কেউ বাল্যবিবাহের কারণে, কেউ বিদেশে যাওয়ার কারণে, আবার কেউ উচ্চশিক্ষায় অনীহা থেকে আবেদন করছে না।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বলেন, “এখনো আবেদন প্রক্রিয়া পুরোপুরি শেষ হয়নি। শিক্ষার্থীরা দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করতে পারবে। তাই প্রকৃত চিত্র জানার জন্য অপেক্ষা করতে হবে।”











