স্টাফ রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ হয়েছে। এবার নির্বাচনে শীর্ষ পদগুলোতে একাধিক নারী প্রার্থী লড়াইয়ে নামায় নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ডাকসু।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। এবারের নির্বাচনে ভিপি, জিএসসহ মোট ২৮টি পদে ভোট গ্রহণ হবে। সর্বশেষ ২০১৯ সালের নির্বাচনে পদ ছিল ২৫টি। এবার তিনটি পদ বাড়ানো হয়েছে।
ভিপি পদে দুই নারী
ভিপি (ভাইস-প্রেসিডেন্ট) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন নারী প্রার্থী।
-
উমামা ফাতিমা: জুলাই অভ্যুত্থানে সরব হয়ে আলোচনায় আসা এই শিক্ষার্থী স্বতন্ত্র প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোটা সংস্কার আন্দোলনেও তিনি নেতৃত্ব দেন। রাজনৈতিক দলের বাইরে থেকে আন্দোলনে নারীদের সম্পৃক্ত করতে ভূমিকা রাখায় তিনি বেশ পরিচিতি পান।
-
তাসনিম আফরোজ ইমি: বামপন্থী সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেল থেকে লড়বেন। সর্বশেষ ডাকসু নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে শামসুন্নাহার হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন।
জিএস পদে একমাত্র নারী
এবার জেনারেল সেক্রেটারি (জিএস) পদে একমাত্র নারী প্রার্থী হিসেবে লড়ছেন সাবিনা ইয়াসমিন। তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এজিএস পদেও দুই নারী
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়ছেন আরও দুই নারী প্রার্থী।
-
ফাতেহা শারমিন এ্যানি: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় এ শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।
-
আশরেফা খাতুন: গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থী। নিরাপদ সড়ক আন্দোলন, সাত কলেজ বাতিল আন্দোলন ও সাম্প্রতিক ছাত্র আন্দোলনে সরব ছিলেন। বর্তমানে তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির মুখপাত্র।
ভোটার ও কেন্দ্র
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী ভোট দেবেন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। ভোটগ্রহণ হবে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলসহ মোট ২৬টি কেন্দ্রে।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আজ (বুধবার) বিকেল পাঁচটা পর্যন্ত। আগামী ২১ আগস্ট বেলা ১টায় প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।











