জীবননগরের সব স্কুল-কলেজে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত

Image

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সব স্কুল ও কলেজে উচ্চমাধ্যমিক পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম মাধ্যমিক পর্যায়ে মোবাইল নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপন করলে উপস্থিত সবাই তা সমর্থন করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন বলেন, “সম্প্রতি পাশ্ববর্তী মহেশপুর উপজেলায় স্কুল-কলেজে মোবাইল নিষিদ্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েকদিন আগে জীবননগরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানেও বিষয়টি আলোচনায় আসে।

আজকের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে—মোবাইল নিষিদ্ধের রেজুলেশন সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে এবং পরিচালনা কমিটির সভাপতিদের সঙ্গে বৈঠক করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”

এ ছাড়া সভায় টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার, মৌসুমি সার সংকট সমাধান, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়।

সভায় ইউএনও মো. আল আমীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, থানার ওসি মামুন হোসেন বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন, কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, বিজিবি প্রতিনিধি মোস্তাফিজুর, প্রেসক্লাব আহ্বায়ক মো. রিপন হোসেন, সাংবাদিক আল আমীন মোল্লা, ওমর ফারুক প্রমুখ।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।