ঢাকা | ৩১ জুলাই ২০২৫:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দীর্ঘদিনের শূন্যপদ পূরণে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে ২,৩৮২টি পদে সরাসরি নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চাহিদাপত্র পাঠানো হয়েছে। শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে পিএসসি।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো চিঠি তারা পেয়েছেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ের বিপরীতে প্রধান শিক্ষকের অনুমোদিত পদ রয়েছে ৬৫ হাজার ৫০২টি। বর্তমানে কর্মরত প্রধান শিক্ষকের সংখ্যা ৩১ হাজার ৩৯৬ জন। ফলে শূন্যপদ রয়েছে প্রায় ৩৪ হাজার ১০৬টি।
আরো পড়ুন: প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত,২০১৪ সালের ৯ মার্চ থেকে কার্যকর
এর মধ্যে ২,৬৪৭টি পদ সরাসরি নিয়োগযোগ্য হলেও, সংরক্ষিত কোটা বাদ দিয়ে ২,৩৮২টি পদে নিয়োগ কার্যক্রম শুরু হচ্ছে। পাশাপাশি চলমান গ্রেডেশন মামলার নিষ্পত্তি হলে আরও ৩১ হাজার ৪৫৯টি পদে সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।
এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর জানায়, গত ১৪ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশনা দেন। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব, উপদেষ্টা ও পিএসসি প্রতিনিধিরাও।
মন্ত্রণালয় আশা করছে, এই নিয়োগ সম্পন্ন হলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট অনেকটাই কমে যাবে এবং শিক্ষার মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।











