এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটি (Electronic Fund Transfer) মাধ্যমে পাঠাতে চলতি মাসের বিল ২৭ নভেম্বরের মধ্যে অনলাইনে সাবমিট করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার জারি করা চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে জানানো হয়, শিক্ষক-কর্মচারীদের এমপিওর তথ্য ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দেওয়া তথ্যই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। ভুল তথ্যের কারণে কারও এমপিওর টাকা ইএফটিতে পাঠানো না হলে এর দায়ভার প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে।
মাউশি জানায়, আগস্ট মাস থেকে প্রতিষ্ঠান প্রধানদের ইএমআইএস-এর এমপিও–ইএফটি মডিউলে লগইন করে আলাদা আলাদাভাবে শিক্ষক-কর্মচারীর বেতন নির্ধারণ করে বিল সাবমিট করতে হচ্ছে। সাবমিটের পর বিলের একটি কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধান ও সভাপতি স্বাক্ষরসহ সংরক্ষণ করতে হবে।
এছাড়া মৃত্যুবরণ, পদত্যাগ, বরখাস্ত বা অনুমোদনহীন অনুপস্থিতিসহ যেকোনো কারণে আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন প্রয়োজন হলে সেটিও বিল সাবমিট করার সময় উল্লেখ করতে হবে।










