বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়ায় বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি জানিয়েছেন নিবন্ধিত প্রার্থীরা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইস্কাটন গার্ডেনের বোরাক টাওয়ারে এনটিআরসিএ কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। তাদের অভিযোগ, দীর্ঘ পরীক্ষা প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও ৬০ হাজারের বেশি পদ শূন্য থাকা সত্ত্বেও প্রায় ১৫ হাজার প্রার্থী নিয়োগের বাইরে রয়েছেন।
পরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বরাবর দেওয়া এক আবেদনে প্রার্থীরা দ্রুত এ সমস্যার সমাধান দাবি করেন।
আবেদনে উল্লেখ করা হয়, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোট ৬০ হাজার ৫২১ জনকে চূড়ান্তভাবে যোগ্য ঘোষণা করা হয়েছিল। কিন্তু গত ১৯ আগস্ট প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল অনুযায়ী লক্ষাধিক শূন্যপদের বিপরীতে মাত্র ৪১ হাজার ৬২৭ জনকে সুপারিশ করা হয়েছে। এতে প্রায় ১৫ হাজার প্রার্থী নিয়োগের বাইরে থেকে যান।
প্রার্থীরা বলেন, যেখানে এখনও ৬০ হাজারেরও বেশি পদ শূন্য, সেখানে যোগ্য প্রার্থীদের নিয়োগ না দেওয়া অযৌক্তিক। তারা স্মরণ করিয়ে দেন, ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি শিক্ষক সংকট নিরসনে এনটিআরসিএ ১৫ হাজারের বেশি প্রার্থীকে নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।
এবারও একইভাবে ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ কিন্তু বঞ্চিত প্রার্থীদের নিয়োগের দাবি জানান তারা। এতে শিক্ষক সংকট নিরসন হবে এবং শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ উন্নত হবে বলেও আশা প্রকাশ করেন।
প্রার্থীরা দুটি দাবি উত্থাপন করেন—
১. ১৮তম নিবন্ধনে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু নিয়োগ থেকে বঞ্চিত প্রায় ১৫ হাজার প্রার্থীকে বিশেষ গণবিজ্ঞপ্তির আওতায় নিয়োগ দিতে হবে।
২. নীতিমালা পরিবর্তনের আগে চূড়ান্তভাবে উত্তীর্ণ কিন্তু নিয়োগ-বঞ্চিত প্রার্থীদের বিষয়ভিত্তিক শূন্যপদে নিয়োগ নিশ্চিত করতে হবে।











