পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অফিসকক্ষে ঝুলিয়ে রাখাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। পরে উপজেলা শিক্ষা অফিসের ফোন পেয়ে ছবিটি সরিয়ে নেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা ইয়াছমিন জানান, “বিকেলে শিক্ষা অফিস থেকে ফোন পেয়ে আমি নিজ হাতে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে বিদ্যালয়ের একটি আলমারির ওপর রেখে দিই।”
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন বলেন, “বর্তমানে উপজেলার সব বিদ্যালয় থেকেই বঙ্গবন্ধুর ছবি সরানো হয়েছে। তবে এ বিষয়ে কোনো সরকারি নির্দেশনা নেই। ঘটনাটি জানার পর আমি প্রধান শিক্ষিকাকে জানাই, তিনি ছবিটি সরিয়ে ফেলেন।”
এর আগে প্রধান শিক্ষিকা শামিমা ইয়াছমিন বলেছিলেন, “আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। আমি বঙ্গবন্ধুর ছবি নামাতে চাই না। আমরা তাঁকে হৃদয়ে ধারণ করি।”
এদিকে, নেছারাবাদ উপজেলা বিএনপির নেতারা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুধুমাত্র একটি দলের নেতার ছবি টানানো হচ্ছে, যা রাজনৈতিক বৈষম্য তৈরি করে। বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আজাহারুল ইসলাম টুটুল বলেন, “শুধু একটি পক্ষের ছবি টানানো হয়, যা ইতিহাস বিকৃতির শামিল।”
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে উপজেলার বেশিরভাগ প্রতিষ্ঠানে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি আর টানানো হচ্ছে না। তবে ব্যতিক্রম ছিল সোনারঘোপ রমেশ চন্দ্র বিদ্যালয়।
















