ঢাকা: রানিং স্টাফদের দাবির বিষয় ও অর্থ মন্ত্রণালয়ের পাঠানো মতামতের ভিত্তিতে একটি সভা ডেকেছিল রেলপথ মন্ত্রাণালয়। কিন্তু দাবির বিষয়ে অনড় থাকায় সোমবারের (২৭ জানুয়ারি) সভায় যোগ দেননি রেলের রানিং স্টাফরা।
একই সঙ্গে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির পূর্বঘোষিত যে ঘোষণা ছিল, তা বহাল রেখেছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বলেন, আমরা রেল মন্ত্রণালয়ের সভা প্রত্যাখ্যান করেছি। আমাদের কোনো কর্মচারী সভায় অংশগ্রহণ করেননি। আমরা জানতে পেরেছি আমাদের দাবি মানা হবে না। আমাদের কাছে আরও সময় চাওয়া হবে, সে জন্যই আমরা আলোচনা প্রত্যাখ্যান করেছি। আমরা মঙ্গলবার থেকে ট্রেন চালানো বন্ধ করে দিয়ে কর্মবিরতিতে যাব। আমাদের কর্মসূচি কাল থেকে চলতে থাকবে।
আন্দোলনে যুক্ত থাকা নেতারা জানিয়েছেন, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে যাচ্ছেন রেলওয়ের রানিং স্টাফরা।
এ ব্যাপারে সোমবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা (চলমান ট্রেনে দায়িত্ব পালনকারী) ২৮ জানুয়ারি থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। ফলে সারা দেশে রেল চলাচলে অচলাবস্থা ও চরম যাত্রী ভোগান্তির আশংকা রয়েছে।
















