বর পছন্দ না হওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

attohattaবর পছন্দ না হওয়ায় বিয়ের রাতেই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জয়গুন আক্তার (২১) নামের এক কলেজছাত্রী। দিনাজপুরের বীরগঞ্জে মঙ্গলবার এই ঘটনা ঘটে।

জয়গুন আক্তার উপজেলার পাল্টাপুর ইউনিয়নের পিকপাড়া গ্রামের মো. জয়নুদ্দিনের মেয়ে এবং বীরগঞ্জ ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার ইউনিয়নের পিকপাড়া গ্রামে মো. জয়নুদ্দিনের বাড়ি থেকে পুলিশ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে।

বীরগঞ্জ থানার এসআই মো. আজম প্রধান জানান, সোমবার দুপুরে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের পিকপাড়া গ্রামের জয়নুদ্দিনের মেয়ে জয়গুন আক্তারের  সাথে একই উপজেলার পাশের নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের কাবুল ইসলামের ছেলে মো. আবুল কালাম আজাদের (২৩) বিবাহের কাবিন হয়। বীরগঞ্জ পৌরশহরের মেয়ের চাচা কাসেম আলীর বাড়িতে কাবিন রেজিস্ট্রি হয়। এ সময় পাত্রপক্ষকে যৌতুক হিসেবে অগ্রিম ২০ হাজার টাকা দেন মেয়ের পরিবার।

এদিকে বিয়েতে মত না থাকায় বাড়ি ফিরে এসে রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে জয়গুন আক্তার। বাড়ির লোকজন জয়গুন ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভেঙে ফাঁস দিয়ে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়।

বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহম্মদ জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশের সুরতহাল লিপিবদ্ধ করে দাফনের নিদেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় জয়নুদ্দীন বাদী হয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা করেছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।