গৌরীপুরে বিএনপির মনোনয়ন দ্বন্দ্বে সংঘর্ষ, নিহত ১ আহত অন্তত ৪০

Image

ময়মনসিংহ, ৯ নভেম্বর:
বিএনপির মনোনয়ন দ্বন্দ্বকে কেন্দ্র করে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় একজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। নিহতের নাম তানজিন আহমেদ মিঠু।

চিকিৎসক জানিয়েছেন, নিহত মিঠুর শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন নেই; প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন।

রোববার বিকেলে গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন ও আহমেদ তায়েবুর রহমান হিরনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দুটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন, আর মনোনয়ন বঞ্চিত হন আহ্বায়ক তায়েবুর রহমান হিরন। মনোনয়ন বঞ্চিত হওয়ার পর থেকে হিরন সমর্থকরা রেলপথ ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।

রোববার বিকেলে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের সমাবেশ ছিল হোস্টেল মাঠে, আর একই সময়ে হিরনের কর্মসূচি ছিল গৌরীপুর মধ্য বাজারে। দুই পক্ষের সমাবেশে যাওয়ার পথে মুখোমুখি হলে সংঘর্ষ বাধে। দুটি দোকান ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে। হিরন সমর্থকদের দাবি তাদের ৩০ জন আহত ও ইকবাল সমর্থকদের দাবি: তাদের ১০ জন আহত হয়েছে।

এর আগের রাত (৮ নভেম্বর) ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের সমর্থক ও জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের কার্যালয়ে হামলা চালানো হয়।হিরনপন্থীরা এ হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠে।হামলায় দুটি মোটরসাইকেল ভাঙচুর ও দুইজন আহত হন।পরে যৌথ বাহিনীর অভিযানে ৪০টি রামদা ও চারজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন—মো. শামীম (২৯), মো. মামুন (২৫), মো. হাবিব (১৯) ও আফাজ (২২); তারা স্থানীয় কাউরাট ও পূর্বদাপুনিয়া গ্রামের বাসিন্দা।

জাহাঙ্গীর হোসেন পাপু, যুগ্ম সাধারণ সম্পাদক, উত্তর জেলা যুবদল বলেন—“মনোনয়নপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের পক্ষে থাকার কারণে আমাদের কার্যালয়ে হামলা চালানো হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই।”

বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন বলেন—“যে বা যারাই হামলা করেছে, তাদের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নিতে হবে।”

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) দেবাশীষ কর্মকার জানান—“সংঘর্ষের সময় আহত তানজিন আহমেদ মিঠুকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।”

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।