স্টাফ রিপোর্টার | ২ নভেম্বর ২০২৫
দেশের প্রাথমিক শিক্ষায় সর্বাধিক বাজেট ব্যয় হলেও এর আশানুরূপ মানোন্নয়ন হচ্ছে না, বরং পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে — এমন মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
রোববার (২ নভেম্বর) সকালে সুনামগঞ্জ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে জেলার শিক্ষার মান উন্নয়নবিষয়ক এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
আরো পড়ুন: তিন দাবি না মানলে পরীক্ষা বর্জন ও আমরণ অনশন: সহকারী প্রাথমিক শিক্ষক সংগঠনের ঘোষণা
ডা. বিধান রঞ্জন বলেন, “দেশের প্রাথমিক শিক্ষায় সবচেয়ে বেশি বরাদ্দ ব্যয় হলেও এর আশানুরূপ মানোন্নয়ন হচ্ছে না। শিক্ষক সংকট ও জনবল স্বল্পতার কারণে এই অবস্থা তৈরি হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলি, কিন্তু বাস্তবে তা মানি না। স্থায়ীভাবে যারা এই খাতে কাজ করছেন, উন্নয়নের দায়িত্ব তাদেরই নিতে হবে। আমরা কদিনের জন্য এসেছি, কাজের ধারাবাহিকতা রক্ষা করাই আসল চ্যালেঞ্জ।”
সভায় আরও উপস্থিত ছিলেন—এ কে এম মো. শামসুল আহসান, পরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মো. নুরুল ইসলাম, উপপরিচালক, সিলেট বিভাগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর,সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক, সুনামগঞ্জ,মোহন লাল দাস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
মতবিনিময় সভা শেষে উপদেষ্টা জেলা শিল্পকলা একাডেমিতে মেধা বৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
তিনি অনুষ্ঠানে বলেন,“শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রাথমিক স্তরই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানেই শিক্ষার ভিত্তি তৈরি হয়, তাই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।”















