ঢাকা, ১০ নভেম্বর:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবি নিয়ে আজ সোমবার (১০ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন।সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠক থেকেই আন্দোলনের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ হতে পারে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।
এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, যেখানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: শিক্ষকদের দাবিতে প্রাথমিক মন্ত্রণালয়ের বৈঠক, কর্মবিরতি স্থগিত ঘোষণা
বৈঠকে শিক্ষকদের দাবিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।শিক্ষক নেতাদের দাবির বিষয়ে অর্থ মন্ত্রণালয়কে অবহিত করে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়ার পর শিক্ষক নেতারা কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন।
তবে সেই বৈঠকের ঘণ্টাখানেকের মধ্যেই আন্দোলনরত নেত্রী ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি ঘোষণা দেন—“গোয়েন্দা সংস্থা ও মন্ত্রণালয়ের চাপে কর্মবিরতি স্থগিত করা হয়েছিল। আমি সেই সিদ্ধান্ত প্রত্যাহার করছি।
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে। সারাদেশের শিক্ষকরা যেন আন্দোলনে যোগ দেন, আহ্বান জানাই।”
আজ সোমবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
এখান থেকেই তাদের তিন দফা দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
শিক্ষকদের তিন দফা দাবি:
সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করা
১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান
সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা
গত শনিবার (৮ নভেম্বর) রাজধানীর শাহবাগে শিক্ষকদের ‘কলম বিসর্জন কর্মসূচি’ চলাকালে পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপে বহু শিক্ষক আহত হন।
এর পর আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন, যা এখনো চলমান।
শামসুদ্দিন মাসুদ, আহ্বায়ক, প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ বলেন—
“সরকার আশ্বাস দিয়েছে বিষয়গুলো অর্থ মন্ত্রণালয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। আজকের বৈঠকেই সিদ্ধান্ত আসবে বলে আশা করছি।”













