ঢাকা, ৯ নভেম্বর:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ও পদোন্নতিসহ বিভিন্ন দাবির বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় আলোচনার পর শিক্ষক নেতারা চলমান কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন।
রোববার বিকেল ৫টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সচিব আবু তাহের মো. মাসুদ রানা। সভায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতারা অংশ নেন।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়—শিক্ষকদের তিনটি প্রধান দাবির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়কে বিষয়গুলো অবহিত করা হবে এবং যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।
শিক্ষকদের প্রধান তিন দাবি:
১. সহকারী শিক্ষকদের বেতন ১৩তম থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদানের জটিলতা নিরসন
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিতকরণ
আলোচনায় অংশগ্রহণকারী শিক্ষক নেতারা জানান, অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতার আশ্বাস পাওয়ায় তারা চলমান কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে শিক্ষক নেতারা বলেন, সরকারের আশ্বাস বাস্তবায়নের অগ্রগতি না হলে পুনরায় কর্মসূচি ঘোষণা করা হবে।










