ঢাকা, ৯ নভেম্বর:
পাঁচ দফা দাবিতে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে গেলে পুলিশের বাধার মুখে পড়েন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা।
রোববার দুপুর দেড়টার দিকে প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি পল্টন মোড় ঘুরে সচিবালয়ের দিকে যাত্রা করলে পুলিশ ৫ নম্বর গেটের সামনে তাদের আটকে দেয়।
আটকে যাওয়ার পর শিক্ষকদের একটি ৬ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে প্রবেশ করেন।প্রতিনিধি দলের সদস্যরা হলেন—মো. ইলিয়াস রাজ, সভাপতি, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ,গাউসুল আজম শীমু, মুখ্য সমন্বয়ক,মোছা. রিমা খাতুন, সাধারণ সম্পাদক,এম. এ. সালাম, সমন্বয়ক,মো. আসাদুজ্জামান,অ্যাডভোকেট আনোয়ার হোসাইন।
শিক্ষকদের পাঁচ দফা দাবি:
১. সব বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি সুনিশ্চিত করতে হবে।
২. প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন করতে হবে।
৩. বিশেষ শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ৩ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
৪. মিডডে মিল, খেলাধুলা সরঞ্জাম ও থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে।
৫. ভোকেশনাল শিক্ষা ও কর্মসংস্থান সুযোগ বৃদ্ধি এবং প্রতিবন্ধী কোটা সুনিশ্চিত করতে হবে।
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের উদ্যোগে শিক্ষকেরা দীর্ঘদিন ধরে বিশেষ বিদ্যালয়গুলোর স্বীকৃতি, এমপিওভুক্তি ও শিক্ষার্থীদের কল্যাণমূলক সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন।
আজকের কর্মসূচিতে তাদের দাবি না মানায় তারা সচিবালয় অভিমুখে মিছিল শুরু করেন, তবে পুলিশি বাধায় তা ব্যাহত হয়।










