খুলনায় কুয়েট শিক্ষক নিহত, বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের বোমা ও গুলিবর্ষণ

খুলনায় কুয়েট শিক্ষক নিহত বিএনপি অফিসে হামলা

স্টাফ রিপোর্টার | ২ নভেম্বর ২০২৫, খুলনা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন যোগীপোল ইউনিয়ন বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের বোমা ও গুলিবর্ষণের ঘটনায় এক শিক্ষক নিহত হয়েছেন।

রোববার (২ নভেম্বর) রাত ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে। নিহতের নাম ইমদাদুল হক (৪৫), তিনি স্থানীয় বাসিন্দা ও শিক্ষক ছিলেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, তাঁদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ কার্যালয়ে দলের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে বৈঠক করছিলেন।
হঠাৎ মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা দুটি বোমা নিক্ষেপ ও চার রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।বোমা ও গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শিক্ষক ইমদাদুল হককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গুলিবিদ্ধ মামুন শেখ ও মিজানুর রহমান বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের অবস্থা গুরুতর।

ঘটনার পর খান জাহান আলী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ দুটি অবিস্ফোরিত বোমার খণ্ডাংশ ও গুলির খোসা উদ্ধার করেছে এবং এলাকায় টহল জোরদার করেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এসি (মিডিয়া) মো. শফিকুল ইসলাম বলেন,

“সন্ত্রাসীদের বোমা ও গুলিতে তিনজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পুলিশ আছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

তিনি আরও জানান, “অভিযুক্তদের এখনো শনাক্ত করা যায়নি। তদন্ত চলছে।”

খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন,

“এই হামলার মূল লক্ষ্য ছিল ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মামুন শেখ। আমরা ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।