স্টাফ রিপোর্টার:ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং কক্ষে আটকে রাখার অভিযোগে রাজধানীর স্বপ্ননিবাস হোস্টেলের পরিচালক রাজিয়া বেগমকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে তেজগাঁও কলেজের পাশে অবস্থিত স্বপ্ননিবাস হোস্টেলে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ছাত্রী তার এক গেস্টের সঙ্গে দেখা করতে গেলে হোস্টেল পরিচালক রাজিয়া বেগম অতিরিক্ত এক হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তিনি ছাত্রীটিকে মারধর করেন এবং জোরপূর্বক কক্ষে আটকে রাখেন। এতে ভুক্তভোগী ছাত্রী অচেতন হয়ে পড়েন।
পরে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে সেখানেও বাধা দেন রাজিয়া বেগম।
ঘটনার খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রনেতারা—জিয়াউর রহমান হলের ভিপি, সূর্যসেন হলের ভিপি এবং হাজী মুহাম্মদ মুহসিন হলের সমাজসেবা সম্পাদকসহ কয়েকজন শিক্ষার্থী—শেরেবাংলা থানায় যোগাযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজিয়া বেগমকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা থানার ডিউটি অফিসার বলেন,
“গতকাল রাতে খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে রাজিয়া বেগমকে আটক করে থানায় আনে। ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করেছেন, তাকে মারধর ও হেনস্তা করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
তিনি আরও জানান, তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।










