স্টাফ রিপোর্টার:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১২ দিনের ছুটি শেষে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ বুধবার (৮ অক্টোবর) থেকে খুলেছে।
ছুটি শেষে সকাল থেকেই স্কুলগামী শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর হয়ে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গণ।
এর আগে প্রাথমিক বিদ্যালয়গুলো ইতোমধ্যে ছুটি শেষে খুলে দেওয়া হয়েছিল।
শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় গত ২৮ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হয়, যা চলে ৭ অক্টোবর পর্যন্ত। মোট ১২ দিনের এ ছুটির মধ্যে দুটি সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত ছিল।
এছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে বিদ্যালয়-কলেজের শিক্ষকরা ঐচ্ছিক ছুটি পান।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলো এ সময় মোট ১২ দিন বন্ধ ছিল। ছুটির মধ্যে দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রীশ্রী লক্ষ্মীপূজার ছুটিও অন্তর্ভুক্ত ছিল।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় ২৪ সেপ্টেম্বর জারি করা এক নির্দেশনায় জানায়, ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো পরীক্ষার দিন নির্ধারণ করা যাবে না—কারণ এ সময়ে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালিত হবে।













