আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত গেজেট প্রকাশের দাবিতে কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি।
শনিবার (২ মে) সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচির অংশ হিসেবে মে মাসজুড়ে বিভিন্ন স্থানে প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে ৮ মে পটুয়াখালী এবং ৯ মে খুলনায় আলোচনা সভা ও প্রতিনিধি সমাবেশ আয়োজন করা হবে।
এর ধারাবাহিকতায় ১৬ মে ঢাকার জাতীয় প্রেসক্লাবে কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
সংগঠনটি জানায়, দীর্ঘ ১১ বছরে দুটি পে স্কেল হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত একটি পে স্কেলও বাস্তবায়ন হয়নি। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীরা চরম ভোগান্তিতে রয়েছেন। অধিকাংশ কর্মচারী ঋণের বোঝা বহন করছেন এবং মাসের শেষ পর্যন্ত বেতন দিয়ে চলা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসন্ন বাজেটে পে স্কেল বাস্তবায়নের জন্য বরাদ্দ না থাকলে সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বাড়তে পারে, যা দেশের জন্য শুভ হবে না।
সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, সরকার ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রেখে প্রায় ২২ লাখ কর্মচারী পরিবারের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবে।
এ বিষয়ে তারা প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেছেন।














