আগামী ১৭ নভেম্বর থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হচ্ছে ‘মিড-ডে মিল’ বা স্কুল ফিডিং কর্মসূচি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে এ কর্মসূচি ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে।
প্রথম পর্যায়ে ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের নির্বাচিত বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিস্কুট ও বনরুটি পাবে। পরে রিটেন্ডার প্রক্রিয়া শেষে ডিম, দুধ ও মৌসুমি ফল যুক্ত করা হবে।
প্রকল্পের আওতায় ১৫০ উপজেলার ১৯ হাজার ৪১৯টি বিদ্যালয়ের ৩১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী পুষ্টিকর খাবারের সুবিধা পাবে। এর মোট বাজেট ৫,৪৫২ কোটি টাকার বেশি, যার ৯৭ শতাংশ ব্যয় নির্ধারিত হয়েছে খাদ্য সরবরাহের জন্য।
প্রকল্প পরিচালক হারুন অর রশীদ জানিয়েছেন, নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। উপজেলা পর্যায়ে মনিটরিং কমিটি গঠন ও শিক্ষক–কর্মকর্তাদের প্রশিক্ষণও শুরু হয়েছে।










