সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা দ্বিগুণ, প্রশিক্ষকদেরও সম্মানী বৃদ্ধি

Image

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়িয়েছে সরকার। প্রশিক্ষার্থী ও প্রশিক্ষক উভয়ের ভাতায় বড় ধরনের সমন্বয় আনা হয়েছে। প্রশিক্ষার্থীদের দৈনিক ভাতা দ্বিগুণ করা হয়েছে, আর প্রশিক্ষকদের সম্মানী বেড়েছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। সর্বশেষ ২০১৯ সালে প্রশিক্ষণ ভাতা বাড়ানো হয়েছিল।

প্রশিক্ষকদের সম্মানী বৃদ্ধি

নতুন নির্দেশনা অনুযায়ী, যুগ্মসচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তারা প্রতি ঘণ্টায় পাবেন ৩ হাজার ৬০০ টাকা (আগে ছিল ২ হাজার ৫০০ টাকা)। উপসচিব ও তার নিম্ন পর্যায়ের কর্মকর্তারা পাবেন ৩ হাজার টাকা (আগে ছিল ২ হাজার টাকা)।

প্রশিক্ষণার্থীদের ভাতা দ্বিগুণ

গ্রেড-৯ ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের দৈনিক প্রশিক্ষণ ভাতা ৬০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা করা হয়েছে। গ্রেড-১০ ও তার নিম্ন পর্যায়ের কর্মকর্তাদের ভাতা ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার টাকা।

অন্যান্য বাড়তি সুবিধা

  • কোর্স পরিচালকের সম্মানী: ১,৫০০ → ২,০০০ টাকা

  • কোর্স সমন্বয়কের সম্মানী: ১,২০০ → ১,৫০০ টাকা

  • সাপোর্ট স্টাফদের সম্মানী: ৫০০ → ১,০০০ টাকা

প্রযোজ্য ক্ষেত্র

এই নতুন হার কেবল মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরের নিজস্ব কর্মীদের বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রকল্পভিত্তিক প্রশিক্ষণ বা সদর দপ্তর কর্তৃক মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণে এটি প্রযোজ্য হবে না।

অর্থ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন হার আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।