সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর এবার দেশের সব ইবতেদায়ি মাদরাসায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। আগামী ডিসেম্বর মাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (৬ আগস্ট) মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
পরীক্ষা ২১ থেকে ২৮ ডিসেম্বর
নির্ধারিত তারিখ অনুযায়ী, বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ ডিসেম্বর। পরীক্ষার বিষয় নির্ধারণ করা হয়েছে পাঁচটি—
-
কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহ,
-
আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র),
-
বাংলা,
-
ইংরেজি,
-
গণিত ও বিজ্ঞান।
এর মধ্যে কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহ, আরবি প্রথম ও দ্বিতীয় পত্র এবং গণিত ও বিজ্ঞান বিষয়গুলো সম্মিলিতভাবে নেওয়া হবে। প্রতিটি বিষয়ে থাকবে ১০০ নম্বর, মোট নম্বর ৫০০।
৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে
এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কেবল বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের কোডভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এবং সংযুক্ত ইবতেদায়ি শাখার শিক্ষার্থীরা। মাদরাসার পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত মোট শিক্ষার্থীর সর্বোচ্চ ৪০ শতাংশ এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।
শিগগিরই আসছে সিলেবাস
পরীক্ষা সংক্রান্ত সিলেবাস ও মানবণ্টন শিগগিরই বোর্ড থেকে প্রকাশ করা হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
১৬ বছর পর ফের চালু হলো বৃত্তি পরীক্ষা
এর আগে, ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) চালু হওয়ায় ইবতেদায়ি স্তরে আলাদা বৃত্তি পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ ১৬ বছর পর আবারও এই বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে।
বৃত্তিতে উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রতি মাসে নির্ধারিত হারে আর্থিক সুবিধা এবং মাধ্যমিকে ভর্তি প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবে।
এদিকে, একই সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষাও ডিসেম্বরেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তির সম্ভাব্য তারিখ ২১ থেকে ২৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
















