প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন খুব শিগগিরই করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।
রবিবার(২৭ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, বিষয়টি বর্তমানে প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলেই কার্যকর করা হবে।
সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের বিষয়ে নেই অগ্রগতি
এদিকে, প্রধান শিক্ষকদের মতো সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত বা অগ্রগতি নেই। দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকরা তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করে আসলেও সরকারিভাবে এখন পর্যন্ত কোনো সুসংবাদ মেলেনি।
বরং, অন্তর্বর্তী সরকারের কনসালটেশন কমিটি সহকারী শিক্ষকদের জন্য ১২তম গ্রেড এবং ‘সহকারী প্রধান শিক্ষক’ নামে নতুন পদ সৃষ্টির সুপারিশ করেছে, যা শিক্ষকরা সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
৪৫ জন শিক্ষক ইতিমধ্যে ১০ম গ্রেডে
উল্লেখযোগ্য যে, প্রধান শিক্ষকদের গ্রেড উন্নীতকরণ সংক্রান্ত একটি মামলায় উচ্চ আদালতের রায় অনুযায়ী, ৪৫ জন রিটকারী শিক্ষককে ইতিমধ্যেই ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত বাস্তবায়নে সম্মতি জানিয়েছে। অবশিষ্ট প্রধান শিক্ষকদের ক্ষেত্রেও বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে।















