বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন বাড়লেও বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা আগের মতোই থাকছে

Image

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন বৃদ্ধি কার্যকর হলেও বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে চলতি জুলাই মাস থেকে শুধু বেতনই বাড়ছে, তবে অন্যান্য ভাতা থাকছে পূর্বের হারেই।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, দেশে স্কুল ও কলেজ পর্যায়ে এমপিওভুক্ত প্রায় ৩ লাখ ৭৮ হাজার ৪৫৭ জন শিক্ষক-কর্মচারীর জুলাই মাসের বেতন বাবদ প্রায় ১ হাজার ২৯ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখায়। তবে এই প্রস্তাবে কেবল বর্ধিত বেতন অন্তর্ভুক্ত রয়েছে; বাড়ি ভাড়া বা চিকিৎসা ভাতা অন্তর্ভুক্ত করা হয়নি।

কে কত টাকা বেতন বাড়ছে?

সূত্রমতে, বেতন বৃদ্ধির পরিমাণ সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত।

  • স্কুলের নিচু গ্রেডের কর্মচারী (আয়া, পরিচ্ছন্নতাকর্মী): প্রায় ৫০০ টাকা পর্যন্ত বেতন বাড়ছে।

  • জুনিয়র শিক্ষক: ৮০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি।

  • সহকারী শিক্ষক: যাঁদের বর্তমান বেতন সাড়ে ১২ হাজার টাকা, তাঁদের বেতন ১,২০০ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত বাড়ছে।

  • সিনিয়র সহকারী শিক্ষক: ২,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি পাচ্ছে।

  • প্রধান শিক্ষক: বেতন বৃদ্ধি পাচ্ছে প্রায় ৭,০০০ টাকা পর্যন্ত।

ভাতা বাড়েনি, অসন্তোষ শিক্ষকদের মধ্যে

 মাউশির ইএমআইএস সেলের প্রোগ্রামার-৫ মো. জহির উদ্দিন গণমাধ্যমকে বলেন, “জুলাই মাসে কেবলমাত্র বেতন বাড়ছে। বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা ভাতা বাড়ানোর বিষয়ে কোনো নির্দেশনা নেই।”মাউশির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,”ভাতা বৃদ্ধি পেলে তা জুলাইয়ের বেতনের সঙ্গেই অন্তর্ভুক্ত করা হতো। কিন্তু তেমন কিছু হয়নি।”

১৪৫ কোটি টাকা বাড়তি ব্যয়

জানা গেছে, শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধির কারণে জুলাই মাসে ১৪৫ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন হচ্ছে। যেখানে জুন মাসে বেতন-ভাতা বাবদ খরচ হয়েছিল ৮৮৪ কোটি টাকা, সেখানে জুলাই মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৯ কোটি টাকায়

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।