১০ আগস্টের আগেই এসএসসি খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ

Image

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল ১০ আগস্টের আগেই প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি জানান, ফল প্রকাশের এক মাসের মধ্যেই পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করার নিয়ম রয়েছে। সে অনুযায়ী কাজ চলছে এবং নির্ধারিত সময়ের আগেই ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ১০ জুলাই দুপুর ২টায়। ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত খাতা চ্যালেঞ্জের আবেদন নেওয়া হয়, যা শেষ হয় ১৭ জুলাই সন্ধ্যা ৬টায়। আবেদন করা হয়েছে এসএমএসের মাধ্যমে, আর বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছিল শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও টেলিটকের মাধ্যমে।

এবারের পরীক্ষায় ৯টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।