খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির বাকি দুই ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হবে। চলতি বছর ১ লাখ ৭ হাজার ৬৮৫ জন প্রার্থী বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ১০৯টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। গড়ে একটি আসনের জন্য প্রায় ৯৭ জন প্রার্থী রয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) শুরু হয়েছে এ ভর্তি পরীক্ষা। এবার প্রথমবারের মতো খুলনার পাশাপাশি ঢাকা এবং রাজশাহীতেও পরীক্ষা নেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও গণমাধ্যম বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের (জীববিজ্ঞান স্কুল) ভর্তি পরীক্ষা। খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে এই ইউনিটে অংশ নেবেন ৭ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী।
আরো পড়ুন: রাবি ভর্তি পরীক্ষা: ‘বি’ ইউনিটের ফল প্রকাশ
‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে। এখানে পরীক্ষায় অংশ নেবেন ১১ হাজার ১৫৬ জন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২১ হাজার ৫৬০ জন এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৮ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
এর আগে প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা স্কুল নিয়ে গঠিত এই ইউনিটের পরীক্ষা একযোগে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও খুলনার দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট, রেভারেন্ড পলস্ হাই স্কুল, কেসিসি উইমেন্স কলেজ, সরকারি মহিলা কলেজ এবং দুইটি বহিঃকেন্দ্র- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হয়েছে।











