সাত কলেজ নিয়ে কমিটি গঠন করল ঢাবি

Image

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে সরকারি সাত কলেজের কার্যক্রম সরিয়ে নেওয়ার চূড়ান্ত সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সুপারিশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং অধিভুক্ত কলেজের একজন অধ্যক্ষের নেতৃত্বে সার্বিক কার্যক্রম পরিচালিত হবে।

এতে ঢাবি প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি থাকবে। দ্রুত ঢাবির সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলে বিষয়টি চূড়ান্ত করতে সম্প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশ বাস্তবায়নে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) সুপারিশগুলো পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করা করেছে প্রশাসন। বৈঠকে উপস্থিত এক সদস্য আজ মঙ্গলবার (১১ মার্চ) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ইউজিসি সুপারিশগুলো পর্যালোচনার জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সেই কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান। এই কমিটি চলতি সপ্তাহের মধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন জমা দেবেন বলেও তিনি জানান। তিনি আরও জানান, এই কমিটির একটি বৈঠক আগামীকাল বুধবার (১২ মার্চ) অনুষ্ঠিত হবে।

অধিভুক্ত সাত কলেজের প্রধান সমন্বয়ক ও ঢাবির প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদ সম্প্রতি  বলেন, সাত কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত হলো অধিভুক্তি থাকছে না। তবে এটা বাস্তবায়নে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয় সেই প্রক্রিয়া শুরু করেছে, সরকারের সাথে আলোচনাও করছে।

এদিকে, ইউজিসির পাঠানো সুপারিশে বলা হয়, স্বতন্ত্র কাঠামোর নাম দেওয়া হয়েছে, ‘নজরদারি সংস্থা’। সংস্থার দায়িত্বে থাকবেন ইউজিসির একজন সদস্য। সাত কলেজের একজন অধ্যক্ষ সংস্থাটির পরিচালকের দায়িত্ব পালন করবেন। প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ঢাবির রেজিস্ট্রার দপ্তর মনোনীত কর্মকর্তা, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর মনোনীত কর্মকর্তা, অর্থ ও হিসাব সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট শাখার মনোনীত প্রতিনিধি দায়িত্ব পালন করবেন। এছাড়া সাত কলেজের অনলাইন ভর্তি কমিটির মাধ্যমে আবেদন সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে। এসব কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সাময়িক ব্যবস্থা হিসেবে এই কাঠামো বলে জানিয়েছে সরকার।

সুপারিশে আরও বলা হয়, ‘সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের প্রশাসনিক জটিলতা ও সাত কলেজের শিক্ষার্থীদের নানা অসুবিধার কথা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীলতার সঙ্গে বর্তমান ব্যবস্থা চালু রাখবে। সাত কলেজ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে অধিভুক্ত সাত কলেজের স্নাতক ও স্নাতোকোত্তর শিক্ষার্থীদের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সাময়িক ব্যবস্থা হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে নিম্নবর্ণিত সুপারিশ করা হলো।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।