সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি খবর ছড়িয়েছে যে, “সাপ্তাহিক ছুটি বাতিল, ১ আগস্ট থেকে শনিবারও খোলা থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।” কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি।
রিউমর স্ক্যানার টিম জানায়, এ দাবি কোনো তথ্য-প্রমাণ ছাড়াই প্রচার করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকেও এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করা হলে গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রে এ দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া, শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটেও এ সংক্রান্ত কোনো নোটিশ বা তথ্য পাওয়া যায়নি।
গত ৭ মে “ঈদের আগের দুই শনিবার সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ” শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তাতে জানানো হয়, নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন ছুটি থাকায় ১৭ ও ২৪ মে ঈদের আগের দুই শনিবার সাপ্তাহিক ছুটির দিনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছিল।
রিউমর স্ক্যানার টিম শিক্ষামন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) যোগাযোগ করে এ বিষয়ে তথ্য সংগ্রহ করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান বলেন, “আমার জানা মতে, এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।”
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কলেজ ও প্রশাসন উইংয়ের উপপরিচালক মো. নুরুল হক সিকদার বলেন, “ফেসবুকে আমি বিষয়টি দেখেছি, তবে এ সিদ্ধান্ত মন্ত্রণালয় নেয়। আমার জানা মতে, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং আমাদের কোনো নির্দেশনাও দেওয়া হয়নি।”











