ঈদুল আজহা উপলক্ষে জুনে দুদিন ছুটি বাড়িয়ে এবং চলতি মাসে কর্মদিবসের সংখ্যা দুই দিন বাড়িয়ে যে প্রজ্ঞাপন জারি হয়েছে, তার সঙ্গে মিল রেখে আগামী ১৭ ও ২৪ মে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (৭ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, সরকার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাফতরিক কাজের স্বার্থে ১৭ মে (শনিবার) ও ২৪ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করেছে। ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং সাপ্তাহিক ছুটির দিন (১৭ মে ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনা রয়েছে।











