বন্ধ হচ্ছে প্রাথমিকের ষষ্ঠ-অষ্টমে ভর্তি

Image

প্রাথমিকে আগামী শিক্ষাবর্ষ থেকে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি থাকা স্কুলগুলোতে ভর্তি বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

দৈনিক আমাদের বার্তার হাতে আসা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সংশ্লিষ্টজনদের এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুসারে প্রাথমিক শিক্ষার মেয়াদ পাঁচ বছর থেকে বৃদ্ধি করে আট বছর অর্থাৎ অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করার ক্ষেত্রে একাডেমিক কার্যক্রম বিবেচনায় বিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় অবকাঠামো নেই। পাশাপাশি পাঠদানের জন্য রয়েছে শিক্ষক সংকট ও দক্ষতার ঘাটতি। প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে গঠিত কনসালটেশন কমিটির প্রতিবেদনে এমন তথ্য উঠে আসার পর প্রাথমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই ২০২৬ শিক্ষাবর্ষ থেকে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি থাকা স্কুলগুলোতে ভর্তি বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেয়া হয়েছে।

এর আগে, গত রোববার প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, যেসব বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৮ম পর্যন্ত চালু আছে তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই সামনের বছর থেকে আর ভর্তি নেয়া হবে না। এ স্কুলে যারা আছে তারা আস্তে আস্তে বের হয়ে যাবে।

সূত্র জানায়, জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালুকৃত ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম অব্যাহত না রাখা ও আগামী শিক্ষাবর্ষ হতে ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি না করার বিষয়ে প্রধান উপদেষ্টার নীতিগত অনুমোদনের প্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে।

এমন পরিস্থিতিতে আগামী ২০২৬ শিক্ষাবর্ষ থেকে চালু থাকা ৭২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে গঠিত কনসালটেশন কমিটি মনে করে, প্রাথমিক স্তরকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নতিকরণ করার যুক্তি ও বাস্তবতা প্রশ্নসাপেক্ষ। তাই বর্তমানে যেসব প্রাথমিক বিদ্যালয় অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হচ্ছে, সেগুলোতে অবিলম্বে ষষ্ঠ শ্রেণির ভর্তি বন্ধের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।

সংশ্লিষ্টরা জানান, জাতীয় শিক্ষা নীতি-২০১০ অনুযায়ী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণিতে উন্নীতকরণের ক্ষেত্রে একাডেমিক ও প্রশাসনিক পুনর্বিন্যাসে অনেক চ্যালেঞ্জ রয়েছে। বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষক, শিক্ষা প্রশাসন, পাঠ্যক্রম, পাঠদান, প্রশিক্ষণ ও আইনগত বিষয়সহ বহুমুখী চ্যালেঞ্জে চাপা পড়েছিল প্রাথমিক শিক্ষাস্তর অষ্টম শ্রেণিতে উন্নীত করার উদ্যোগ।

নীতিমালা অনুযায়ী দেশে শিক্ষার স্তর হবে তিনটি। এর মধ্যে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মাধ্যমিক এবং এরপর উচ্চশিক্ষা স্তর। বর্তমানে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত নিম্নমাধ্যমিক, নবম-দশম শ্রেণি মাধ্যমিক, একাদশ-দ্বাদশ শ্রেণি উচ্চ মাধ্যমিক এবং তারপর শুরু উচ্চশিক্ষা।

অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক স্তর করার লক্ষ্যে জাতীয় শিক্ষা নীতিতে বলা হয়, প্রাথমিক শিক্ষার মেয়াদ পাঁচ বছর থেকে বৃদ্ধি করে আট বছর, অর্থাৎ অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করা হবে। এটি বাস্তবায়নে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের একটি হলো অবকাঠামো এবং প্রয়োজনীয় সংখ্যক উপযুক্ত শিক্ষকের ব্যবস্থা করা। প্রাথমিক পর্যায়ের সব শিক্ষকের জন্য শিক্ষাক্রম বিস্তারসহ পাঠদানের ওপর ফলপ্রসূ প্রশিক্ষণের ব্যবস্থা এবং শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনার প্রয়োজনীয় পুনর্বিন্যাস বাড়ানো। এজন্য প্রাথমিক পর্যায়ের সব বিদ্যালয়ের ভৌত সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষকের সংখ্যা বাড়ানো। যথাযথ পদ্ধতি অনুসরণে আর্থ-সামাজিক অবস্থা ও জাতিসত্তা নির্বিশেষে পর্যায়ক্রমে দেশের সব শিশুর জন্য আট বছরব্যাপী প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা হবে।

জানা গেছে, গত বছর ৫ মে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত হয়েছিল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অবৈতনিক পাঠদান কার্যক্রম ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণি পর্যন্ত বিস্তৃত করা হবে। আর শিক্ষা মন্ত্রণালয় নিম্নমাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যয় কমাতে কাজ করবে।

তৎকালীন সরকারের সময়ে করা জাতীয় শিক্ষা নীতি-২০১০ অনুযায়ী প্রাথমিক শিক্ষাস্তর অষ্টম শ্রেণিতে উন্নীত করার ঘোষণা ছিল ২০১৮ খ্রিষ্টাব্দের মধ্যে। এরপর আরো সাত বছর কেটে গেছে নীতিমালার বাস্তবায়ন পরিকল্পনায়। শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রশি টানাটানিতে থমকে গেছে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণিতে উন্নীত করার উদ্যোগ।

উল্লেখ্য, দেশে ৬৫ হাজার ৫৬৬টি সরকারি প্রাথমিক স্কুলের মধ্যে ৭২৯টি বিদ্যালয়ে অষ্টম শ্রেণি চালু রয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।