প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্যালেন্ডারের ছুটি কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
রোববার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন,
“স্কুলগুলো বছরে মাত্র ১৮০ দিন খোলা থাকে। তাই অপ্রয়োজনীয় ছুটিগুলো কমিয়ে আনার চেষ্টা করছে সরকার। ক্যালেন্ডারের ছুটি কমানোর পরিকল্পনা করছি। তবে সাপ্তাহিক ছুটি ২ দিনই থাকছে। বিষয়টি চূড়ান্ত করার পর সবাইকে জানিয়ে দেওয়া হবে।”
এ সময় তিনি আরও জানান, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকের শূন্য পদ পূরণের চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন।















