স্টাফ রিপোর্টার | ঢাকা | ৭ সেপ্টেম্বর ২০২৫
দেশের ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে আগামী অক্টোবর মাস থেকে মিড-ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সাক্ষরতার হারে ধীরগতি
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বর্তমানে দেশে সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশ। এখনো ২২ দশমিক ১ শতাংশ জনগোষ্ঠী নিরক্ষর। তবে প্রকৃতপক্ষে এই হার আরও কম হতে পারে। আগের সরকার প্রকৃত সাক্ষরতার হার গোপন রেখেছে।
আরো পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ে ক্যালেন্ডারের ছুটি কমানোর পরিকল্পনা
তিনি জানান, স্কুলে স্কুলে ভিজিট করে দেখা গেছে—অনেক শিক্ষার্থী প্রকৃত স্বাক্ষর নয়। যেসব শিক্ষার্থী পিছিয়ে রয়েছে, তাদের জন্য বিশেষ উদ্যোগে সাক্ষরতার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লক্ষ্য শিক্ষার্থীদের প্রকৃত সাক্ষরতা
উপদেষ্টা বলেন,“প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্যই হলো শিশুকে সাক্ষর করে তোলা। প্রকৃত সাক্ষর না হয়ে শিক্ষার্থীরা যখন হাইস্কুলে যাচ্ছে, তখন তাদের শিক্ষাজীবনে বড় একটি গ্যাপ তৈরি হচ্ছে।”
ছুটি কমানোর পরিকল্পনা
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, স্কুলগুলো বছরে মাত্র ১৮০ দিন খোলা থাকে। তাই অপ্রয়োজনীয় ছুটি কমানোর পরিকল্পনা করেছে সরকার। তবে সাপ্তাহিক দুই দিনের ছুটি অপরিবর্তিত থাকবে।
শূন্য পদে শিক্ষক নিয়োগ
এ ছাড়া দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য শিক্ষক পদ পূরণের কাজও চলমান রয়েছে বলে জানান উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।















