সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ১০ম গ্রেডের বেতন স্কেলসহ ২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২০১৪ সালের ৯ মার্চ থেকে তারা এই মর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।
গত বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। এতে হাইকোর্টের রায় বহাল রইল।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নির্বাহী সম্পাদক স্বরুপ দাস বলেন,বর্তমানে প্রধান শিক্ষক পদটি দ্বিতীয় শ্রেণির হলেও আমরা বেতন পায় ১১ ও ১২তম গ্রেডে। অথচ দ্বিতীয় শ্রেণির অন্য সব চাকরিজীবী দশম গ্রেডে বেতন পান। নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির পদে অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তারা জাতীয় বেতন কাঠামোর দশম স্কেলে বেতন পান। ফলে সরকারি প্রধান শিক্ষকদের মর্যাদা দিলেও আমাদের প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছিল।
পরে ১১ ও ১২তম গ্রেড নির্ধারণের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ২০১৮ সালের ৪ মার্চ হাইকোর্টে রিট আবেদন করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ পারভেজসহ সংক্ষুব্ধ ৪৫ শিক্ষক।
২০১৪ সালের ৯ মার্চ তৎকালীন সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার ঘোষণা দেন।শিক্ষাবার্তার সাথে প্রশি সমিতির অন্যতম বাদী স্বরুপ দাসের কথোপকথন তুলে ধরা হলঃ
শিক্ষাবার্তাঃ ১০ম গ্রেড রায় কোন কোন ক্যাট্যাগেরির প্রধান শিক্ষক পাবেন?
স্বরুপ দাস: সরাসরি প্রধান শিক্ষক,পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষক,জাতীয়করণকৃত প্রধান শিক্ষক,নন ক্যাডার প্রধান শিক্ষক।
শিক্ষাবার্তা: এ রায়টি কবে থেকে কার্যকর হবে?
স্বরুপ দাস: ৯ মার্চ,২০১৪ হতে এ রায়টি কার্যকর হবে।
শিক্ষাবার্তা: চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকরা এ সুবিধা পাবে কিনা?
স্বরুপ দাস: না। তারা এ সুবিধা পাবে না।
শিক্ষাবার্তা: ১/৭/২০১৫ ইং পর্যন্ত টাইমস্কেল পাওয়া যাবে কিনা?
স্বরুপ দাস: না। ৯/৩/২০১৪ এর পর কোন টাইমস্কেল পাওয়া যাবে না। তবে ৯/৩/২০২৪ ইং তারিখে উচ্চতর গ্রেড প্রাপ্ত হবে।
শিক্ষাবার্তা: গেজেটেড কর্মকর্তা হলে বকেয়া পাওয়া যাবে কিনা?
স্বরুপ দাস: অবশ্যেই। বকেয়া পাওয়া যাবে।
শিক্ষাবার্তা: সার্ভিস বেনিফিট পাওয়া যাবে কিনা?
স্বরুপ দাস: পাওয়া যাবে। ৯ মার্চ,২০১৪ ইং তারিখ পর্যন্ত যে কয়টি টাইমস্কেল পাওয়া হয়েছে ৯মার্চ হতে সে কয়টি টাইমস্কেল যুক্ত হবে।
শিক্ষাবার্তা: ৯ মার্চ,২০১৪ ইং তারিখে কেউ ৯ম গ্রেডে থাকলে বর্তমান রায়ের আলোকে কত তম গ্রেডে সে যাবে?
স্বরুপ দাস: সেই শিক্ষক তখন ৮ম গ্রেডে যাবে।
শিক্ষাবার্তা: এ রায়টি কি সবাই পাবে নাকি ৪৫ জন বাদী পাবে?
স্বরুপ দাস: যারা মামলা করেন সাধারনত তারাই সুবিধা পান। তবে প্রশি সমিতি সকলের জন্য কাজ করেছে। তাই রায়ে সকল হেড টিচারকে এ সুবিধা দিতে সুপারিশ করেছে। তাই সবাই এ সুবিধা পাবে।
শিক্ষাবার্তা: যদি কোন কারনে সকলের জন্য রায় বাস্তবায়নে বিলম্ব বা প্রতিবন্ধকতা আছে তখন আপনাদের করনীয় কী?
স্বরুপ দাস: প্রথমত আমরা ৬৪ হাজার প্রধান শিক্ষকের জন্য জিও জারি করার চেষ্টায় আছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সফল হবো। কোন কারনে যদি প্রতিবন্ধকতা আসে তাহলে আমরা ধাপে ধাপে পক্ষভুত করে নিব। এক্ষেত্রে সারা দেশের সকল প্রধান শিক্ষক বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাথে কাজ করার আহবান করছি। সবাই রায় বাস্তবায়নে আমাদের সহায়তা করবেন এটাই প্রত্যাশা।
শিক্ষাবার্তা:আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
স্বরুপ দাস: আপনাকেও ধন্যবাদ।










