স্টাফ রিপোর্টার | ঝালকাঠি | ২৬ আগস্ট ২০২৫
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অবহেলা ও খামখেয়ালির কারণে বিদ্যালয়ের ৮২ জন শিক্ষার্থী উপবৃত্তির টাকা থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ অভিভাবক ও এলাকাবাসীর।
এ ছাড়াও তার বিরুদ্ধে দুর্নীতি, অব্যবস্থাপনা, শিক্ষার্থীদের সঙ্গে অমানবিক আচরণসহ নানা অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে বিদ্যালয়ের সামনে অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেন। এ সময় তারা প্রধান শিক্ষকের দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ
-
প্রধান শিক্ষকের অবহেলায় শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পাচ্ছে না।
-
ছোট শিক্ষার্থীদের দিয়ে টয়লেট পরিষ্কার, ক্লাসরুম ঝাড়ু দেওয়া, পানি টানাসহ নানা কাজ করানো হয়।
-
বাচ্চারা কাজ করতে অস্বীকার করলে তাদের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক শাস্তি দেওয়া হয়।
-
তিনি প্রায়ই বিদ্যালয়ে দেরিতে আসেন এবং দুপুরের আগেই চলে যান।
-
অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং প্রতিবাদ করলে হুমকি দেন।
-
প্রধান শিক্ষকের স্বামী আখতার হোসেন শানুও অভিভাবকদের ভয়ভীতি দেখান।
মানববন্ধনে খাদিজা বেগম, রুমি বেগম, হাসান মাহমুদ, বাবুল হাওলাদার, সালমা বেগম, শাহিদা বেগমসহ অনেকে বক্তব্য রাখেন। তারা বলেন, আশেপাশের সব বিদ্যালয়ে শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পেলেও চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে, যা অত্যন্ত অন্যায়।
এ ঘটনায় এলাকাবাসী ও অভিভাবকরা প্রধান শিক্ষক শাহানাজ পারভীনের দ্রুত অপসারণ ও তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।











