ময়মনসিংহে আনন্দ মোহন কলেজের হলের সিট নবায়ন ইস্যু নিয়ে সংঘর্ষের ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ১৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং চারজনকে সতর্ক করা হয়েছে।
শনিবার (১ র্মাচ) সকালে কলেজের হল সুপার অধ্যাপক মো. শাহজাহান করিম সাজু বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জহিরুল ইসলাম জনি, ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আকরাম হোসেন অপু, একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মুকুল, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী খায়রুল ইসলাম এবং মাস্টার্সের শিক্ষার্থী আলী আকবর।
কারণ দর্শানো নোটিশপ্রাপ্তরা হলেন- রুমন, মোস্তাক, তন্ময়, হৃদয় খান, রিয়াদ, রবিন, ফরহাদ, মুস্তাফিজুর রহমান, শাহিন, হুমায়ুন, পিয়াস, নাঈম, রাফি ও আল আমিনকে। তারা কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।
এ ছাড়া সংঘর্ষে জড়ানোর অভিযোগে কলেজ শিক্ষার্থী আশিকুর রহমান, বাঁধন, দেলোয়ার ও রামিমকে সতর্ক করা হয়েছে।
জানা গেছে, গত ১২ জানুয়ারি আসন নবায়ন নিয়ে ছাত্রাবাসের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের মধ্যে হলে থাকা শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর সেনাবাহিনী ও পুলিশ ক্যাম্পাসে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ শিক্ষার্থী আহত হন। পরে ছেলেদের তিনটি ছাত্রাবাস অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা ও কলেজের তিন দিনের পাঠ কার্যক্রম স্থগিত করা হয়।















