উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের (এটিইও) দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীত না করার পেছনে কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (৪ আগস্ট) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।
রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সালাহ উদ্দিন দোলন। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট তোফায়েল আহমেদ।
আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট তোফায়েল আহমেদ এবং বাংলাদেশ সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মুহাম্মদ মিলন মিয়া।
উল্লেখ্য, এটিইওদের দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীত করার যৌক্তিকতা তুলে ধরে হাইকোর্টে রিট আবেদন করা হয়। ওই রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন।











