নিজস্ব প্রতিবেদক
সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটির সময়সীমা কমানোর পরিকল্পনা করছে সরকার। বর্তমানে যেখানে শিক্ষাপ্রতিষ্ঠানে গড়ে ৭৬ দিন বার্ষিক ছুটি রয়েছে, সেখানে তা কমিয়ে ৫৬ থেকে ৬০ দিনে আনার চিন্তাভাবনা চলছে।
শিক্ষার্থীদের শিখনে ঘাটতি দূর করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দুই মন্ত্রণালয়ের যৌথসভায় শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে।
বর্তমানে ৭৬ দিনের ছুটির পাশাপাশি বছরে প্রায় ৫২-৫৩ দিনের সাপ্তাহিক ছুটি থাকে। এর বাইরেও বিভিন্ন অনিবার্য কারণে শিক্ষাকার্যক্রম বন্ধ থাকে, যার ফলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় পাঠ গ্রহণে পিছিয়ে পড়ে এবং পরবর্তী শ্রেণিতে অপ্রস্তুত অবস্থায় উত্তীর্ণ হয়।
🔹 ২০২৫ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরে ৭৬ দিন ও কলেজ পর্যায়ে ৭১ দিনের ছুটি নির্ধারিত রয়েছে।
🔹 নতুন সিদ্ধান্ত ২০২৬ সালের শিক্ষাপঞ্জি থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
















