ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষা ২০২৬-এর উত্তরপত্র মূল্যায়নে নিয়োগপ্রাপ্ত পরীক্ষকদের নির্ধারিত সময়ে খাতা সংগ্রহের জন্য কঠোর নির্দেশনা দিয়েছে।
মঙ্গলবার (৫ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, অনেক পরীক্ষক নির্ধারিত তারিখে উত্তরপত্র গ্রহণ করতে উপস্থিত হচ্ছেন না। এতে মূল্যায়ন কার্যক্রমে বিলম্ব হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা সামগ্রিক ফল প্রকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে যোগ্য eTIF ভুক্ত শিক্ষকদের পরীক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাই প্রত্যেক পরীক্ষককে নির্ধারিত সময় ও তারিখে উপস্থিত হয়ে উত্তরপত্র সংগ্রহ করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই মূল্যায়ন সম্পন্ন করতে হবে।
এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ে খাতা গ্রহণে ব্যর্থ হলে তা দায়িত্বে অবহেলা হিসেবে বিবেচিত হবে এবং সংশ্লিষ্ট পরীক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরও বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের বিলম্ব না ঘটে।
বোর্ড সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে।














