২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের মার্চে তিন ধাপে এসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ মার্চ ২০২৭, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২০ মার্চ এবং ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মার্চ ২০২৭ অনুষ্ঠিত হবে।
ভর্তি আবেদন কবে থেকে শুরু হবে এবং আবেদন প্রক্রিয়া, ফি ও অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
২০ বিশ্ববিদ্যালয়ে হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জিএসটি গুচ্ছের এক সভায় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।
সভা শেষে এবারের ভর্তি পরীক্ষার মূল কমিটির কো-কনভেনর এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এ তথ্য জানান।
গত বছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসন ছিল প্রায় সাড়ে ১৩ হাজার। চলতি শিক্ষাবর্ষে এখন পর্যন্ত গত বছরের গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়নি।
গুচ্ছে থাকা ২০ বিশ্ববিদ্যালয়
২০২৬-২৭ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো—
১. ইসলামী বিশ্ববিদ্যালয়
২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৭. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১০. বরিশাল বিশ্ববিদ্যালয়
১১. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
১৩. ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি
১৪. নেত্রকোণা বিশ্ববিদ্যালয়
১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৬. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৭. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়
১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২০. নওগাঁ বিশ্ববিদ্যালয়
গুচ্ছে যুক্ত হতে পারে আরও ৩ বিশ্ববিদ্যালয়
জিএসটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় নতুন করে আরও তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়।
সংশ্লিষ্টদের মতে, এসব বিশ্ববিদ্যালয় এখনো শিক্ষা কার্যক্রমের প্রাথমিক পর্যায়ে রয়েছে। গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হলে নতুন বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমও সমন্বিত পদ্ধতিতে পরিচালনার সুযোগ তৈরি হতে পারে।
তবে এসব বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সময়ে জানা যাবে।














