ঢাকা, নিজস্ব প্রতিবেদক:
শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে কোনো ফাইল ৭২ ঘণ্টার বেশি আটকে রাখা যাবে না। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় রাজধানীর বনানীর ঢাকা শেরাটন হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, অতীতে সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের সঙ্গে কাজ করার সময় প্রশাসনিক ফাইল ৭২ ঘণ্টার বেশি কোথাও আটকে থাকত না। সেই অভিজ্ঞতার আলোকে বর্তমানেও তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে একই নির্দেশনা দিয়েছেন।
আরো পড়ুন: প্রধান শিক্ষকদের বেতন ফিক্সেশন নিয়ে নতুন নির্দেশনা দিল সিজিএ অফিস
তিনি বলেন, “রুলস অব বিজনেস অনুযায়ী কোনো ফাইল অযথা দীর্ঘ সময় আটকে রাখার সুযোগ নেই। দ্রুত সিদ্ধান্ত ও কার্যকর প্রশাসন নিশ্চিত করতে হবে।”
বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করলে বিশ্ববিদ্যালয়গুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে না। আবার সম্পূর্ণ স্বাধীনতাও দেওয়া যাবে না।
তিনি বলেন,
“প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে এমনভাবে পরিচালনা করতে হবে যাতে শিক্ষার মান বজায় থাকে এবং কোনো ধরনের উগ্রবাদ বা জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।”
সরকার বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যার কথা শুনবে এবং যৌক্তিক সমাধান দেবে বলেও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
- প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন
- ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ
- শিক্ষাসচিব আবদুল খালেক
- বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষাবিদরা
সভায় সভাপতিত্ব করেন এপিইউবি চেয়ারম্যান ড. মো. সবুর খান।















