নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামী ১০ জুনের পর প্রকাশ হতে পারে বলে জানা গেছে। ইতোমধ্যে ফল প্রকাশের প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফল দেখার জন্য অধিদপ্তরের আইপিইএমআইএস (IPEMIS) লাইভ সার্ভারে লিংকও উন্মুক্ত করা হয়েছে।
আজ (৪ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা এ তথ্য জানান।
তিনি জানান, বর্তমানে প্রাথমিকের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টসহ কিছু প্রশাসনিক কার্যক্রম চলমান থাকায় ফল প্রস্তুত ও প্রকাশে আরও কিছু সময় লাগছে। সবকিছু ঠিক থাকলে ১০ জুনের পর যেকোনো সময় ফল প্রকাশ করা হতে পারে।
সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, ফল চূড়ান্ত করতে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে। এরপর মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।
যেভাবে জানা যাবে ফল
ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা—
- অনলাইনে রোল নম্বর দিয়ে ফল দেখতে পারবেন
- মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল পেতে পারেন
- মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশের মতো টেলিটকভিত্তিক ফল জানার ব্যবস্থা রাখা হতে পারে
এবার পরীক্ষায় নতুন যা ছিল
এ বছর প্রথমবারের মতো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (কিন্ডারগার্টেন) শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
দেশের ৬১ জেলায় গত ১৫ এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষা দিয়ে বৃত্তি পরীক্ষা শুরু হয় এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা দিয়ে শেষ হয়।
অন্যদিকে পার্বত্য তিন জেলা—রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থী ও অভিভাবকদের এখন অপেক্ষা শুধুই চূড়ান্ত ফল প্রকাশের।









