সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে জাতীয় বেতন কমিশন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে এবং প্রথম ধাপেই মূল বেতন বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে কমিশনের পক্ষ থেকে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো চালুর সুপারিশ করা হয়েছিল। তবে বিভিন্ন কারণে তা বাস্তবায়ন না হওয়ায় এখন নতুন সময়সীমা হিসেবে আগামী ১ জুলাই বিবেচনায় নেওয়া হচ্ছে।
আরো পড়ুন: নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ ১৬ মে
গত বছরের জুলাই মাসে ২১ সদস্যের একটি বেতন কমিশন গঠন করা হয়েছিল, যার কাজ ছিল পে-স্কেল সংক্রান্ত তথ্য সংগ্রহ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করা। সেই ধারাবাহিকতায় এবার নতুন করে ১০ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে, যারা তথ্য বিশ্লেষণ করে চূড়ান্ত সুপারিশ দেবে।
সরকারি সূত্রগুলো বলছে, কমিটির সুপারিশের ভিত্তিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে চলতি বাজেটেও এ খাতে বিশেষ বরাদ্দ রাখার বিষয়টি বিবেচনায় রয়েছে।
এদিকে নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি আগামী ১৬ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহৎ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
সংগঠনটির আহ্বায়ক আবদুল মালেক শুক্রবার (১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন।














