এমপিও সুপারিশে ঘুষের চেষ্টা, রংপুর বিভাগীয় শিক্ষা অফিসে শিক্ষক আটক

Image

ডেস্ক রিপোর্ট | রংপুর
রংপুর বিভাগীয় শিক্ষা অফিসে এমপিওভুক্তির সুপারিশ পেতে কর্মকর্তাদের ব্যাগভর্তি টাকা ঘুষ দেওয়ার চেষ্টাকালে মাইদুল ইসলাম নামে এক শিক্ষককে আটক করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে নগদ ৭ লাখ টাকা উদ্ধার করা হয়।

আটক মাইদুল ইসলাম কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাদারিটাকা রৌমারী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক বলে জানা গেছে। তিনি কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাজাইকাটা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক ও তিনজন কর্মচারীকে এমপিওভুক্ত করার জন্য ঘুষ দিতে এসেছিলেন—এ কথা তিনি নিজেই স্বীকার করেছেন।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)–এর রংপুর অঞ্চলের উপপরিচালক মোছা. রোকসানা বেগম দৈনিক শিক্ষাবার্তা ডটকমকে জানান,“মাইদুল ইসলাম আমার কাছে এসে এমপিওভুক্তির সুপারিশের জন্য প্রায় ৮ লাখ টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দেন। তিনি সঙ্গে আনা টাকার ব্যাগটিও দেখান।”

তিনি আরও বলেন, বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় মাইদুল ইসলামকে কক্ষের ভেতরেই আটকে রাখা হয়। পরে দুর্নীতি দমন কমিশন (দুদক)–কে জানানো হলে তাদের একটি টিম এসে তাকে আটক করে। তল্লাশিতে তার ব্যাগে ৭ লাখ টাকা পাওয়া যায়।

আটক হওয়ার পর মাইদুল ইসলাম জানান,“নিজের ও অন্য শিক্ষক-কর্মচারীদের আটকে থাকা বিল পাসের সুপারিশ নিতে আমি এসেছিলাম। আগেও কয়েকবার খালি হাতে এসেছি, কিন্তু কোনো কাজ হয়নি। তাই ভেবেছি, টাকা দিলে হয়তো কাজ হবে—এই কারণেই টাকা নিয়ে এসেছি।”

ঘটনার পর শিক্ষা প্রশাসনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এমপিওভুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগ নতুন নয়, তবে প্রকাশ্যে এভাবে ঘুষের চেষ্টা ধরা পড়ায় বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে।

দুদক সূত্র জানায়, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।