২০২৫ খ্রিষ্টাব্দের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির সমাপনী পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। পরীক্ষা শুরু হবে আগামী ৬ নভেম্বর, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র, এরপর ক্রমানুসারে ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্ম শিক্ষা বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে।
ভোকেশনাল ট্রেড বিষয়গুলোর পরীক্ষা শুরু হবে ২৩ নভেম্বর এবং শেষ হবে ২৭ নভেম্বর। এসব ট্রেডের মধ্যে রয়েছে কম্পিউটার, ইলেকট্রনিক্স, ফুড প্রসেসিং, সিভিল কনস্ট্রাকশন, ড্রেস মেকিংসহ বিভিন্ন পেশাভিত্তিক বিষয়।
ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ৩০ নভেম্বর এবং চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। বাস্তব প্রশিক্ষণ হবে ৮ ডিসেম্বর ২০২৫ থেকে ১৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
পরীক্ষার্থীদের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। কেন্দ্র সচিব ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।











