ঢাকায় ১৮৪ কেন্দ্রে অংশ নেবেন তিন লাখের বেশি প্রার্থী
নিজস্ব প্রতিবেদক
ঢাকা | সোমবার, ৬ অক্টোবর ২০২৫
৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একই সঙ্গে পরীক্ষার্থীদের জন্য ১৩ দফা নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
সোমবার (৬ অক্টোবর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৯তম বিসিএস (বিশেষ) এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা আগামী ১০ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত শুধুমাত্র ঢাকা কেন্দ্রের ১৮৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।
পিএসসি জানিয়েছে, চলতি মাসের ২৬ অক্টোবর থেকে এ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে।
পরীক্ষার্থীদের জন্য ১৩ দফা নির্দেশনা
বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ৮ (আট) ডিজিটের হবে। এই নম্বর উত্তরপত্রে নির্দিষ্ট ঘরে কালো কালির বলপেন দিয়ে লিখে নিচের বৃত্ত ভরাট করতে হবে।
প্রতিটি উত্তরপত্রে সেট নম্বরের নির্ধারিত স্থানে সেট নম্বর মুদ্রিত থাকবে; পরীক্ষার্থীদের সেট নম্বর লেখার প্রয়োজন নেই। প্রশ্নপত্র ও উত্তরপত্রের সেট নম্বর অভিন্ন না হলে সঙ্গে সঙ্গে পরিদর্শককে জানাতে হবে।
পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্রের নিচে মুদ্রিত নির্দেশনা মনোযোগসহ পড়তে বলা হয়েছে। প্রশ্নপত্র বিতরণের পর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত (দুপুর ১২টা পর্যন্ত) কেউ পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবেন না।
নিষিদ্ধ সামগ্রী বহনে কঠোর নির্দেশনা
পরীক্ষা কেন্দ্রে বই, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ড সদৃশ কোনো বস্তু, গহনা ও ব্যাগ আনা নিষিদ্ধ।
পরীক্ষা হলে প্রবেশের আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে।
পিএসসি জানিয়েছে, পরীক্ষার দিন মোবাইলে এসএমএস পাঠিয়ে নিষিদ্ধ সামগ্রী বহনে সতর্ক করা হবে। পরীক্ষার সময় কানের ওপর কোনো আবরণ রাখা যাবে না। হিয়ারিং এইড ব্যবহার করতে হলে চিকিৎসকের পরামর্শপত্রসহ কমিশনের অনুমোদন নিতে হবে।
নকল বা অসদুপায় ব্যবহারকারীর বিরুদ্ধে ব্যবস্থা
কোনো পরীক্ষার্থী নকল বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারসহ কোনো অসদাচরণে লিপ্ত হলে তাঁর প্রার্থিতা বাতিল করা হবে।
এ ছাড়া বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা–২০১৪ এবং পিএসসি আইন–২০২৩ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
নম্বর, সময়সীমা ও বিশেষ ব্যবস্থা
এই পরীক্ষায় থাকবে ২০০টি এমসিকিউ প্রশ্ন। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে। পরীক্ষার সময় দুই ঘণ্টা।
প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতিলেখকের ব্যবস্থা রাখা হয়েছে।
-
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য প্রতি ঘণ্টায় অতিরিক্ত ১০ মিনিট
-
অন্যান্য প্রতিবন্ধীদের জন্য প্রতি ঘণ্টায় অতিরিক্ত ৫ মিনিট সময় দেওয়া হবে।
প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
মৌখিক পরীক্ষার সম্ভাব্য তারিখ
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হতে পারে, জানায় পিএসসি।
সুনির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তীতে পিএসসির ওয়েবসাইট ও সংবাদ মাধ্যমে জানানো হবে।















