এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যানের পর শিক্ষা মন্ত্রণালয় তা আরও বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
নতুন প্রস্তাবে বাড়িভাড়া কমপক্ষে দুই হাজার থেকে তিন হাজার টাকা, চিকিৎসাভাতা এক হাজার টাকা এবং কর্মচারীদের উৎসবভাতা ৭৫ শতাংশ করার কথা বলা হয়েছে।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যানের পর তা কিছুটা বাড়ানোর প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয়।
গত ৩০ সেপ্টেম্বর এ ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করার প্রজ্ঞাপন জারি করে অর্থ বিভাগ। তবে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছেন এবং ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া অন্তত দুই হাজার বা তিন হাজার টাকা করার প্রস্তাব অর্থ বিভাগে পাঠানো হয়েছে।”
প্রস্তাবে আরও বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীদের চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে ১,০০০ টাকা করা এবং কর্মচারীদের উৎসবভাতা মূল বেতনের ৭৫ শতাংশে উন্নীত করার অনুরোধ জানানো হয়েছে।
ব্যয়ের হিসাব ও বিকল্প প্রস্তাব
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) হিসাব অনুযায়ী, বর্তমানে স্কুল-কলেজ শিক্ষকদের মাসিক বাড়িভাড়ার জন্য সরকারের খরচ ৩৯ কোটি ১৩ লাখ টাকা, বছরে ৪৬৯ কোটি ৫২ লাখ টাকা।
যদি মূল বেতনের ২০ শতাংশ হারে বা ন্যূনতম ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়, তবে মাসিক ব্যয় বেড়ে হবে প্রায় ১৯৬ কোটি টাকা এবং বার্ষিক ব্যয় ২ হাজার ৩৫১ কোটি ৯৫ লাখ টাকা।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানে একই হারে বাড়ি ভাড়া কার্যকর হলে ব্যয় দাঁড়াবে ১ হাজার ১২৩ কোটি টাকা, আর কারিগরি শিক্ষায় ১৪১ কোটি টাকা।
মাউশি তিনটি বিকল্প প্রস্তাবও দিয়েছে:
মূল বেতনের ১৫% বা ন্যূনতম ২,০০০ টাকা
মূল বেতনের ১০% বা ন্যূনতম ২,000 টাকা
মূল বেতনের ৫% বা ন্যূনতম ২,000 টাকা
সব অধিদপ্তর মিলে বার্ষিক ব্যয় হবে:
২০% হারে: ৩,৪০০ কোটি ২৪ লাখ টাকা
১৫% হারে: ২,৪৩৯ কোটি ২৬ লাখ টাকা
১০% হারে: ১,৭৬৯ কোটি ৬৪ লাখ টাকা
৫% হারে: ১,৩৭১ কোটি ৭৬ লাখ টাকা
চিকিৎসা ও উৎসব ভাতা প্রস্তাব
প্রস্তাবে বলা হয়েছে, বর্তমান ৫০০ টাকার চিকিৎসাভাতা অপ্রতুল, তাই তা ১,০০০ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।
তবে শিক্ষকদের উৎসবভাতা বাড়ানোর প্রস্তাব রাখা হয়নি। তারা এখন মূল বেতনের ৫০ শতাংশ হারে দুটি উৎসবভাতা এবং ২০ শতাংশ বৈশাখী ভাতা পাচ্ছেন।
শিক্ষকদের অবস্থান কর্মসূচি
বাড়িভাতা মূল বেতনের ২০ শতাংশ হারে নির্ধারণের দাবিতে আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা।















