চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) টানা আন্দোলনের পর এবার আমরণ অনশনে বসেছেন ৯ শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন তারা।
‘অধিকার সচেতন শিক্ষার্থী’ ব্যানারে বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১টা থেকে প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দফা দাবিতে প্রক্টর অফিসের সামনে এই অনশন শুরু হয়।
অনশনে থাকা শিক্ষার্থীরা
অনশনরত শিক্ষার্থীরা হলেন—
-
বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ওমর সমুদ্র
-
সংগীত বিভাগের শিক্ষার্থী ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকির
-
স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী ও সাংগঠনিক সম্পাদক রাম্রা সাইন মারমা
-
ইংরেজি বিভাগের শিক্ষার্থী আহমেদ মুগ্ধ
-
ইংরেজি বিভাগের দপ্তর সম্পাদক নাইম শাহ জান
-
বাংলা বিভাগের শিক্ষার্থী ও গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ধ্রুব বড়ুয়া
-
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সুমাইয়া শিকদার
-
সংগীত বিভাগের শিক্ষার্থী ঈশা দে
-
বাংলা বিভাগের শিক্ষার্থী ও পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা
সাত দফা দাবির মধ্যে প্রধানগুলো
১. প্রক্টরিয়াল বডির পদত্যাগ
২. সংঘর্ষে আহত শিক্ষার্থীদের পূর্ণ তালিকা প্রকাশ
৩. অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ভ্রাম্যমাণ আবাসনের ব্যবস্থা
৪. নিরাপত্তাহীন শিক্ষার্থীদের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ
৫. প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা
৬. নিরাপরাধ এলাকাবাসীদের হয়রানি বন্ধ করা
৭. ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্ভুক্তিমূলক সমন্বয় কমিটি গঠন
শিক্ষার্থীদের বক্তব্য
বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকির বলেন,“আমরা টানা কয়েকদিন আন্দোলন করেছি। শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ প্রশাসনের ব্যর্থতার ফল। তাই প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ বাকি দাবি না মানা পর্যন্ত আমাদের অনশন চলবে।”
















