বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের দ্রুত যোগদান নিশ্চিত করতে কড়া নির্দেশনা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বুধবার (১০ সেপ্টেম্বর) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদ পূরণের লক্ষ্যে এনটিআরসিএ’র ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৮ হাজার ৮৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
এনটিআরসিএ নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কোন প্রকার হয়রানি ছাড়াই সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করতে হবে।
এছাড়া নিয়োগপত্র প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে প্রার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায় পদটি শূন্য হিসেবে বিবেচিত হবে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যোগদানকারী শিক্ষকদের এমপিওভুক্তির কার্যক্রম কোনো প্রকার হয়রানি ছাড়াই গ্রহণ করতে হবে।











